রবিবার ১৪ জুন ২০২৬
Online Edition

সংসদের নবম অধিবেশন শুরু

সংসদ রিপোর্টার: কঠোর স্বাস্থ্যবিধি মেনে একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) শুরু হয়েছে। সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। করোনাকালের এই অধিবেশনের মেয়াদও সংক্ষিপ্ত হবে। এই অধিবেশন বুধবার পর্যন্ত চলবে বলে জানাগেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অধিবেশনে যোগ দিয়েছেন  এবং শোক প্রস্তাবের আলোচনায় বক্তব্য দিয়েছেন। অধিবেশনের শুরুতে স্পিকার সবাইকে অধিবেশনে স্বাগত জানিয়ে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন। এ অধিবেশনে যারা সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হয়েছেন তারা হলেন- আ স ম ফিরোজ, মোতাহার হোসেন, নারায়ণ চন্দ্র চন্দ, কাজী ফিরোজ রশীদ ও সিমিন হোসেন রিমি।
সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদের বৈঠক পরিচালনা করেন। পরে স্পিকার শোক প্রস্তাব পাঠ করেন।
এদিকে সংসদের জনসংযোগ বিভাগ থেকে এ বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে ১৪টি সরকারি বিল রয়েছে। যার মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ১১টি এবং উত্থাপনের অপেক্ষায় ০৩টি। নবম অধিবেশনে বেসরকারি সদস্যদের নিকট হতে কোনো বিলের নোটিশ পাওয়া যায়নি। একাদশ জাতীয় সংসদে ৮ম অধিবেশন পর্যন্ত প্রাপ্ত ০৭টি বিলের নোটিশ অনিষ্পন্ন রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ২৭টি ও সাধারণ (তারকা চিহ্নিত ও তারকা চিহ্নবিহীন) প্রশ্ন ৬৬১টি পাওয়া গিয়েছে।
এ সকল বিল এবং প্রশ্নের উপর ভিত্তি করে দৈনন্দিন সংসদের কার্যক্রম অনুযায়ী চলমান সংসদের স্থায়িত্বকাল নির্ধারিত হবে।
এর আগে সর্বশেষ ৯ জুলাই চলতি অর্থবছরের বাজেট অষ্টম অধিবেশন শেষ হয়েছিল। ওই অধিবেশনের মেয়াদ ছিল ৯ দিন। সাংবিধানিক বাধ্যবাধকতায় এক অধিবেশনের শেষ ও আরেক অধিবেশনের শুরুর মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেয়ার সুযোগ নেই। সেই হিসাবে ৭ সেপ্টেম্বরের মধ্যে অধিবেশন বসতেই হবে।
এর আগে চলতি বছরের মহামারি করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়েই সপ্তম ও অষ্টম অধিবেশন শেষ হয়েছে।
এবারের অধিবেশনেও সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি মাথায় রেখেই আয়োজন চলছে।
বাজেট অধিবেশনের আগে ১৮ এপ্রিল সপ্তম অধিবেশনের মেয়াদ ছিল মাত্র এক দিন। ওই দিন মাত্র দেড় ঘণ্টায় অধিবেশন শেষ হয়, যা ছিল ইতিহাসের সংক্ষিপ্ততম অধিবেশন।

অনলাইন আপডেট

আর্কাইভ